আইসিএবি’র সম্মেলনে বক্তারা

কোম্পানির আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমে সমন্বয় আনা দরকার

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে কোম্পানির আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের দাবি উঠেছে। তবে এজন্য আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমের সমন্বয় করে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। গতকাল রবিবার ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রম এর সমন্বয় সাধন: এ প্রক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক কনফারেন্সে বক্তারা এ কথা বলেন। কনফারেন্সে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এসএ সামাদ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স মোতাহার হোসেন এবং আইসিএবি’র প্রেসিডেন্ট আব্দুস সালাম এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এস এ সামাদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষিতে আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমের সমন্বয় সাধন করার বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যেন জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত তথ্যে স্বচ্ছতা আনা যায় এবং আন্তর্জাতিক মানের নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করা যায়। এসএ সামাদ আরো বলেন, সঠিক হিসাব এবং মানসম্মত তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা যায়। যা পরিকল্পনা গ্রহণেও সাহায্য করে। আইসিএবি’র প্রেসিডেন্ট আব্দুস সালাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক আর্থিক প্রতিবেদন তৈরি করার গুরুত্ব রয়েছে, এতে করে বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগে আগ্রহী হবে। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শেয়ারবাজারেও। তিনি বলেন, আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা মতামতের বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে দিবে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারের দিকে ঝুঁকতে পারে।