ছোটমামা করম আলী চটপটে খুব সে,
তার কথা শুনে শুনে যাই সব চুপসে।
সেইদিন বলে মামা আমাদের উঠানে,
কাটিয়েছে একা টানা ন বছর ভুটানে।
ওইখানে লোকজন বড় বেশি শান্ত,
আত্মীয় ভেবে সব বুকে তাকে টানত।
রাজা-প্রজা-মন্ত্রীরা তার কাছে আসত,
বাংলায় ঝাড়ি খেত, তবু তারা হাসত।
সুবিশাল বাড়ি তার সাতখানা ওখানে,
ভাড়া দেওয়া সবগুলো ব্যবসা ও দোকানে।
চলাচল ছিল তার বিমানে ও গাড়িতে,
রাজকীয় খাওয়াদাওয়া হতো তার বাড়িতে।
হালচাল দেখে শুনে শঙ্কিত তাহারা,
তাই তাকে রাতদিন দিত সব পাহারা।
মাথাভরা চুল তবু রঙেচঙে যুতসই,
‘এত টাকা কোথা পেলে?’ বলল না উত্সই।
চাপাবাজ স্বভাবটা আজো আছে মামাতে,
দেখে বেশ বুঝে ফেলি ছেঁড়া লুঙ্গি-জামাতে।
মামিটার সাথে তার যে কারণ দ্বন্দ্ব,
পুরনো সে অভ্যেস হয়নি তো বন্ধ।
চাঁচড়া, যশোর।