রাজধানীসহ সারাদেশে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ কাল
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামায়াত-শিবির ক্যাডার কর্তৃক সাংবাদিকদের উপর হামলা, জাতীয় পতাকা পোড়ানো ও শহীদ মিনারে ভাংচুরের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে সংবাদিক সমাবেশ ডেকেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ঢাকায় ঐদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসময়ে দেশের অন্যান্য স্থানে বিএফইউজের অঙ্গ সংগঠনগুলো এই কর্মসূচি পালন করবে। সমাবেশকে সামনে রেখে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা থেকে সারাদেশের সাংবাদিক ও সংবাদকর্মীদের সমাবেশে যোগ দেয়ার আহবান জানানো হয়। ডিইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সমাবেশকে সামনে রেখে নানা দিক-নির্দেশনা দেন বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ। বক্তব্য রাখেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য শাহনাজ বেগম, ইউনিট চিফ কাঞ্চন কুমার দে।