মাহমুদুর রহমানের বিরুদ্ধে গণজাগরণ সংগঠকের শাহবাগ থানায় জিডি

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে প্রাণনাশের হুমকি সৃষ্টির অভিযোগ এনে দৈনিক আমার দেশ পত্রিকা এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। গতকাল রবিবার দুপুরে শাহবাগ থানায় বাপ্পাদিত্য এই জিডি করেন। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, দৈনিক আমার দেশ পত্রিকায় আমাকে (বাপ্পাদিত্য বসু) নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে হত্যার পরিবেশ তৈরি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়েছি। আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের কাছে সহযোগিতা চাই। অভিযোগে আরো বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা উস্কানিমূলক খবর ছাপাচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি আমাকে (বাপ্পা) নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু শাহবাগের নেতৃত্বে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আমার দেশ পত্রিকার প্রতিবেদনে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘর্ষে জামায়াত-শিবির কর্মী নিহত হওয়ার জন্য আমাকে (বাপ্পাদিত্যকে) দায়ী করা হয়। এছাড়া আমার বিরুদ্ধে চরমপন্থি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকারও অভিযোগ আনে পত্রিকাটি। ওইসব প্রতিবেদন ও কলামে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে হত্যা করার ষড়যন্ত্রে এসব প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারে বাপ্পাদিত্য বসু জানান, শাহবাগ আন্দোলনের সংগঠক ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার পর নতুন হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করতে মাহমুদুর রহমান তার পত্রিকায় এসব মিথ্যা তথ্য প্রকাশ করছেন।