চাপার মহারাজ

শুনছি কত দেখছি কত

মস্ত চাপাবাজ

সব চাপাকেই টপকে আবুল

চাপার মহারাজ।

নেই কোনো কাজ আবুলের

গল্প শোনায় কাবুলের

তার চাপাতে হুঁশ হারিয়ে

স্বপ্ন পোড়ে পারুলের।

 

আবুলে কয় শুনছ কী ভাই

পরশু রাতের ঘটনা!

সিলিং ফ্যানটা পড়ল বুকে

মোটেও কিন্তু গল্প না!

ধুরো বেটা পাগল নাকি!

অন্যখানে মারো ফাঁকি

ফ্যানটা যদি পড়ক বুকে

তোমায় পাওয়া যেত না!

 

হকচকিয়ে আবুল এবার

ঘুুরে দাঁড়ার খোঁজে ফেভার

ঠিক বুকে নয়, একটু পাশেই

ফ্যানটা পড়ে ভাই!

মাথার দিব্যি একটুও আর

বাড়িয়ে বলি নাই।

 

হাঃ হাঃ! হাঃ হাঃ! আবুল মিয়া

চাপা মারো চান্দে গিয়া

কানের নিচে বাজিয়ে দিলে

বলবে আসল কাহিনি

নইলে পিছে লেলিয়ে দিব

গাঁয়ের দস্যি বাহিনী।

মুচকি হেসে কইল আবুল

সত্য এটাই ভাইরে

বুকেও নয় ঘরেও নয়

ফ্যান পড়েছে বাইরে।

প্রভাষক, জামবাড়িয়া ডিগ্রি কলেজ, চাঁপাই নবাবগঞ্জ।