শিশু মণীষাকে প্রতিদান দিল শাহবাগের প্রজন্ম যোদ্ধারা
মারুফা মির্জা-চৌহালী (সিরাজগঞ্জ)
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
শাহবাগের আন্দোলনকারীদের জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বাসীর পিঠা আয়োজনে আর্থিক সহযোগিতা কারী সেই শিশু মনীষা রায়কে উপহার হিসাবে ৮টি বই পাঠিয়েছে আন্দোলনের অন্যতম অংশীদার ব্লগ সচলায়তন-এর বন্ধুরা। শুধু তাই নয়, পাঠানো একটি চিরকুটে তাকে বাংলাদেশের আগামীর কান্ডারী হিসেবে উল্লেখ করে তার উপর ১৬ কোটি মানুষের সোনার বাংলা তুলে দিয়েছেন তারা।
সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে কিছু উদ্যমী তরুণ দুই সপ্তাহ আগে শাহবাগের প্রজন্ম চত্বরে অংশ নেয়া তরুণদের সাথে একাত্মতা জানাতে নিজ উদ্যোগে সংগ্রহ করা টাকায় তৈরি করেছিল খেজুর গুড়ের পিঠা। যা তারা গত ১৪ ফেব্রুয়ারি নিয়ে গিয়েছিল শাহবাগ চত্বরে। সে সময়ে এই পিঠা তৈরির আয়োজনে আর্থিক সহায়তা করেছিল, এনায়েতপুর থানার কিশলয় কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মনীষা রায় (৬)। নিজের টিফিনের টাকা বাঁচিয়ে বাড়িতে মাটির ব্যাংকে জমানো ২৩শ’ টাকা আর মায়ের দেয়া ৭শ’ টাকা মিলিয়ে ৩ হাজার টাকা সে তরুণদের হাতে তুলে দিয়েছিল। শিশু মনীষা রায়ের এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ পেয়েছিল।
গতকাল রবিবার দুপুরে একটি কুরিয়ার সার্ভিস যোগে মনীষার হাতে পৌঁছে চিঠিসহ একটি প্যাকেট। মনীষাকে উদ্দেশ্য করে লেখা এই চিঠির ভাষা ছিল ‘‘মনীষা আরো বড় হও। আমাদের দেশটাকে তোমার মতো মানুষের হাতে তুলে দিলাম। শাহবাগ থেকে সচলায়তনের বন্ধুরা’’। চিঠির পাশাপাশি শুভেচ্ছা হিসেবে তার কাছে পাঠানো হয়েছে ঠাকুরমার ঝুলি, ইউক্রেনের লোককথা, রুশদেশের রূপকথাসহ ৮টি বই। অভাবনীয় এমন উপহার পেয়ে মনীষা রায় উত্ফুল্ল। সে বই প্রদানকারীদের শুভেচ্ছা জানিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেছেন।