সরকার নাস্তিকদের খুশি করতে মুসল্লিদের হত্যা করছে :জামায়াত
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
মানিকগঞ্জে পুলিশের গুলিতে ৫ জন নিহত ও ৪০ জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। গতকাল রবিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার থেকে আজ (রবিবার) পর্যন্ত পুলিশের গুলিতে ১২ জন নিহত হলো। হরতাল কর্মসূচী দেশের আলেম সমাজ ঘোষণা করেছিল নাস্তিক, মুরতাদদের শাস্তির দাবিতে। এ কর্মসূচি কোন দলের বিরুদ্ধে ছিল না। সরকার নাস্তিকদের খুশী করতে আলেম ওলামা ও সাধারণ মুসল্লীদের হত্যা করছে। তিনি বলেন,আমি অবিলম্বে গুলি চালানো বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী দলের নেতৃবৃন্দসহ লক্ষাধিক মুসল্লীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও দেশব্যাপী ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, নাস্তিক-মুরতাদ ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনার ভাঙ্গার কাল্পনিক অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে।