বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তার সাক্ষ্য নেবে দুদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ ৬টি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনা উদঘাটনকারী কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য তিন কর্মকতাকে চিঠি পাঠিয়েছে দুদক।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের যুগ্ম -পরিচালক মনির আহাম্মদ সিকদার, উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে দুদক থেকে চিঠি দেয়া হয়েছে।
এদিকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে ওই চিঠিতে বলা হয়েছে। চিঠির এ ভাষার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা কিছুট বিব্রত বলে জানা গেছে। এ বিষয়ে ওই তদন্ত কর্মকর্তাদের একজন বলেন, সোনালী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের যে চিঠি দেয়া হয়েছে সেখানে শুধুমাত্র নাম পরিবর্তন করে দেয়ার কারণে চিঠিতে এ ধরনের ভাষা ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে দুদকের দেয়া সময়ে তারা হাজির হবেন বলেও জানান তিনি।
তিন কর্মকর্তাকে দেয়া পৃথক চিঠিতে বলা হয়েছে, শেরাটন শাখা থেকে অভ্যন্তরীণ ক্রয়ের (আইবিপি) মাধ্যমে ২১৯ কোটি ৬০ লাখ ৬২ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শোনা প্রয়োজন। আগামী ২৬ ফেব্রুয়ারি দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে আইনানুগ বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মনির আহম্মদ সিকদারকে বিকাল তিনটায় আর অন্য দু’জনকে বিকাল সাড়ে তিনটায় সেখানে গিয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।