সাঈদীপুত্র শামীমসহ ৫ জন রিমান্ডশেষে কারাগারে
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদীসহ ৫ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলাম এ আদেশ দেন। অপর আসামিরা হলেন মাওলানা আব্দুর রশিদ, মোশারফ হোসেন, হাবিবুর রহমান ও শামীমের গাড়িচালক রিপন।
গত ১২ ফেব্রুয়ারি সিএমএম আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করলে ওইদিন তদন্ত কর্মকর্তা আসামিদের রিমান্ডে না নিয়ে আসামিদের কারাগারে পাঠান। গত বুধবার তাদের কারাগার থেকে রিমান্ডে নেয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ উত্তরার ৪ নম্বর সেক্টরের নন্দন সুপারশপের সামনে থেকে সাঈদীপুত্র শামীমসহ ৫ জনকে আটক করে।
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে কারাগারে। তার মামলা রায়ের অপেক্ষায়। আসামিদের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি মতিঝিল ‘সিটি সেন্টারে’র সামনে এ আসামিগণসহ অন্যান্য ৪০০/৫০০ আসামি সংঘবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ অভিযোগ আনা হয়।