ইসলামী ঐক্যজোটের দেশব্যাপী বিক্ষোভ আগামী শুক্রবার

ইসলামী ঐক্যজোট ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সরকারকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্লগারদের গ্রেফতারসহ শাস্তির ব্যবস্থার সময় বেঁধে দেয়া হয়েছে। গতকাল রবিবার এক বিবৃতিতে দলের নেতৃবৃন্দ দেশব্যাপী সকল-সন্ধ্যা হরতাল সফল করায় দেশবাসীর প্রতি অভিনন্দন জানান। নেতৃবৃন্দ হরতালের সময় পুলিশের গুলিবর্ষণে মানিকগঞ্জের সিংগাইরে পাঁচজন নিহত এবং সারাদেশে অসংখ্য আহত ও শত শত গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। বিবৃতিতে দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, দৈনিক আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ইসলামী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।