যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ বিরোধীদের সমাবেশ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের বিরুদ্ধে সমাবেশ করেছে এর বিরোধীরা। শনিবার সারা দেশে প্রায় একশ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে অস্ত্র নিয়ন্ত্রণ বিরোধী কর্মীরা জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবাদকারীরা জানিয়েছে, অস্ত্র নিয়ন্ত্রণের কঠোর আইন তাদের অস্ত্র রাখার সাংবিধানিক অধিকার হরণ করবে। গত ডিসেম্বরে দেশটির নিউটাউনের কানেক্টিকাটের একটি স্কুলে এক অস্ত্রধারীর হামলায় ২০ জন শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে অস্ত্র ব্যবসায়ীরা এর বিরোধিতা করে আসছে দীর্ঘদিন ধরে। ডাস্টিন স্টকটন নামের এক প্রতিবাদকারী বলেন, আমি অস্ত্র নিয়ন্ত্রণের সবকিছুর বিরোধিতা করছি না। কিন্তু আমি জানতে চাই, আমাদের নিরাপত্তার জন্য আমরা কি ধরনের অস্ত্র রাখতে পারবো। গত বৃহস্পতিবারও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কানেক্টিকাট থেকে সামান্য দূরে একটি সমাবেশে বলেন, শিশুদের রক্ষায় এবং নৈতিক কারণে আমাদের অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে।