টানা ছয় দিন শেয়ারবাজারে দরপতন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৫
টানা ছয় দিন ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। ছয়দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪ হাজার ৩০৪ পয়েন্ট থেকে কমে ৪ হাজার ১০ পয়েন্টে নেমে এসেছে। সূচক কমার পাশাপাশি লেনদেনও কমছে ব্যাপকভাবে। সাড়ে ৪ শত কোটি টাকা থেকে লেনদেন নেমে এসেছে তিনশত কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে শেয়ারবাজারে দরপতন হচ্ছে। এছাড়া অমনিবাস অ্যাকাউন্ট বন্ধ করা নিয়েও বিভিন্ন গুজব রয়েছে। তবে গুজবে কান না দিয়ে কোম্পানির মৌল ভিত্তি দেখে বিনিয়োগ পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটানা বড় ধরনের দরপতনে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা রাখতে পারছেন না, বিধায় অনেকে টাকা থাকা সত্ত্বেও বিনিয়োগ করছেন না।
তথ্যে দেখা গেছে, ডিএসইতে গতকাল ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ১০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই’র সাধারণ মূল্যসূচক ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩ পয়েন্টে নেমে এসেছে। লেনদেন হয়েছে ৩১৫ কোটি টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২০২টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৬ পয়েন্টে নেমে এসেছে।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১৫৯ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫৫ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক ১০৬ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৬৮৫ টাকা। লেনদেনকৃত ১৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত ছিল ১৪ টির শেয়ারের দাম।
ডিএসই সূত্র জানিয়েছে, জেনারেশন নেক্সট ফ্যাশনসের পরিচালনা পর্ষদ ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ২ টাকা ১ পয়সা আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ১৮ পয়সা।