সেরাটা দেয়ার প্রত্যয় মেসির

কোপা ডেল রে এবং চ্যাম্পিয়নস লিগ; দুটো টুর্নামেন্টেরই চলতি রাউন্ডের প্রথম লেগে একটু অসুবিধাজনক অবস্থায় পড়ে গেছে লা লিগায় দূরন্ত গতিতে ছুটতে থাকা বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করায় কোপা ডেল রে সেমিফাইনালে আজ জয় পাওয়ার বিকল্প নেই। দলটির প্রাণভোমরা লিওনেল মেসি বলছেন, এই জয়টা পেতে যা করতে হয়, তাই করবেন তারা। আর্জেন্টাইন সুপার স্টার নিজেই মানছেন, রিয়ালের বিপক্ষে আজ জয় পেতে নিজেদের খেলার মান আরও ভালো করার বিকল্প নেই। সর্বশেষ দুটি ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্সের জন্যই যেন মেসির এই মন্তব্য। চলতি মৌসুমে লা লিগায় বার্সা অপ্রতিরোধ্যভাবেই ছুটছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বে সেল্টিকের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে বার্সা মিলানের কাছে। এর মাঝে সান্তিয়াগো বার্ন্যাবুত গিয়ে রিয়ালের বিপক্ষে কোপা ডেল রে সেমিফাইনালে ১-১ ড্র করে এসেছে মেসিদের দল। ফলে এখন নকআউট পর্বের ম্যাচগুলোতে নিজেদের পারফরম্যান্স নিয়ে একটু চিন্তিত থাকতেই পারে বার্সেলোনা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদের বিপক্ষে আজকের ফিরতি লেগে মাঠে নামার আগে মেসি বলেন, ‘মাদ্রিদের বিপক্ষে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আমাদের সামনে সেরা প্রতিপক্ষ। ফাইনালে যেতে হলে তাই প্রয়োজন সেরাটা দেয়ার চেষ্টা করা।’ কোপা ডেল রে সেমিফাইনালে এল ক্ল্যাসিকোর আবেশ মুছতে না মুছতে আবার এল ক্ল্যাসিকোও দেখবে ফুটবল। লা লিগায় আগামী ২ মার্চ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা আবারো মুখোমুখি হবে। সে ম্যাচ নিয়ে অবশ্য বার্সেলোনার খুব চিন্তার কারণ নেই। বার্সেলোনা পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ থেকে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। তবে খুব দ্রুতই এল ক্লাসিকোর আরো একটি উত্তাপ দেখতে চলেছে ফুটবল রোমান্টিকরা। আর্জেন্টিনার খুঁদে জাদুকর মেসি লা লিগায় টানা ১৫ ম্যাচে গোল পেয়েছেন। তিনি মাদ্রিদের বিপক্ষে আরো এগিয়ে যেতে চাইবেন। কিন্তু তার চিন্তায় নিজেদের রক্ষণভাগ নিয়ে। তিনি বলেন, ‘আমরা আগে যেমন খেলেছি সেই খেলাটা ফিরিয়ে আনা প্রয়োজন। মিলান এবং সেভিয়ার বিপক্ষে ম্যাচে যা হয়েছে, সেটা নিয়ে আর ভাবতে চাই না।’ মাদ্রিদের জন্য সামনের দুটি ম্যাচের প্রতিপক্ষই বার্সেলোনা। এরপরই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। লা লিগায় তারা গত শনিবার ডিপোর্টিভো লা করুনার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েনও মানছেন আগামী কয়েক সপ্তাহ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা মঙ্গলবারের ম্যাচটি নিয়ে ভাবতে পারি। আমরা এই ম্যাচটির জন্য মুখিয়ে রয়েছি। এটাও জানি আগামী কয়েক সপ্তাহ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ কোপা ডেল রে তে আজ সেমিফাইনাল, দ্বিতীয় লেগ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ফল, ৩০ জানুয়ারি রিয়াল মাদ্রিদ ১ বার্সেলোনা ১