দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের শপথ গ্রহণ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
দক্ষিণ কোরিয়ার ১৮তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন পার্ক জেয়ুন হাই। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। প্রায় লাখো মানুষের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
২০১২ সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সাইনুরি পার্টির প্রার্থী পার্ক লিবারেল দলীয় প্রার্থী মুন জেই ইনকে পরাজিত করেন। নির্বাচনে তিনি ৫২ শতাংশ ভোট পান। নিজ দলীয় বর্তমান প্রেসিডেন্ট লি মিয়ুঙ বাকের স্থলাভিষিক্ত হলেন তিনি। শপথ নেয়ার পর অভিষেক ভাষণে তিনি দক্ষিণ কোরিয়ার জতীয় নিরাপত্তা ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু অস্ত্রের পরীক্ষা কোরিয়ার জনগণের “অস্তিত্বের জন্য হুমকি” হয়ে উঠেছে। “চরম উত্তেজনাকর” নিরাপত্তা পরিস্থিতি সামলাতে পারস্পরিক আস্থা বাড়ানো প্রয়োজন বলে জানান তিনি।
৬১ বছর বয়সী পার্ক দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক শাসক পার্ক চুঙ হির কন্যা। হি প্রায় দুই দশক দক্ষিণ কোরিয়া শাসন করেন। ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণে কোরিয়া উপদ্বীপে সৃষ্ট উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পার্ক জেয়ুন হাই।