সংবাদ কণিকা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
ম্যাকিয়াভেলির প্রাচীন নথি আবিষ্কার
ইটালীয় রেনেসাঁর বিখ্যাত রাজনৈতিক চরিত্র নিকোলো ম্যাকিয়াভেলির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার নোটিস আবিষ্কার করলেন এক ব্রিটিশ শিক্ষাবিদ। ওই গ্রেফতারী পরোয়ানাটি হচ্ছে ৫শ’ বছরের পুরনো। কূটনীতি সম্পর্কিত বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’ এর লেখক হলেন ম্যাকিয়াভেলি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন মিলনার ওই প্রাচীন নথিটি আবিষ্কার করেন। ফ্লোরেন্সে প্রাচীন ইটালীয় শাসকদের বিভিন্ন ঘোষণাপত্র নিয়ে গবেষণা করতে গিয়ে হঠাত্ করেই নথিটি তার কাছে আসে। ১৫১৩ সালের ওই ঘোষণাপত্রেই ম্যাকিয়াভেলিকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছিল। অধ্যাপক মিলনার বলেন, ঘোষণাপত্রটি জারি হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এর মাধ্যমে ম্যাকিয়াভেলির শেষ জীবন নিয়ে যাবতীয় কৌতুহলের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।—পিটিআই
বিশ্বের সবচেয়ে বড় লুডো
বিশ্বের সবচেয়ে বড় লুডো তৈরি করে গিনেস বুকে নাম লেখালেন ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা জলি মন্ডল। বিশ্বসেরার স্বীকৃতিস্বরূপ শনিবার তার কাছে গিনেস রেকর্ড সংস্থা থেকে সার্টিফিকেট এসে পৌঁছায়। ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়ায় দারুণ খুশি তার পরিবার। লুডোটি তৈরি প্রসঙ্গে জলিদেবী বলেন, এর একবারে নিচের অংশটি ‘সানাপ্যাক’ দিয়ে তৈরি। এটি ১২ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ১২ ফুট চওড়া। জুতোর সোল দিয়ে তৈরি করা হয়েছে ছক্কা। দুই মাস সময় লেগেছে লুডোটি তৈরি করতে।—বর্তমান পত্রিকা
বর্জ্যের জ্বালানিতে উড়লো বিমান
প্লাস্টিক বর্জ্য থেকে উত্পন্ন জ্বালানিতে এবার উড়লো বিমান। দীর্ঘ ১৬ হাজার ৮৯৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছাল অস্ট্রেলীয় ওই বিমান। এর আগে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি জ্বালানি দিয়ে গাড়ি চালিয়েছিলেন অনেকেই। কিন্তু ওই জ্বালানির সাহায্যে বিমান চলাচলের পরীক্ষা এই প্রথম। এরই মাধ্যমে জ্বালানি ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা হলো।—পিটিআই