নির্দলীয় গণমঞ্চের নতুন কর্মসূচি
খুলনার গল্লামারী বধ্যভূমিতে
১ মার্চ মহাসমাবেশ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে খুলনার নির্দলীয় গণমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ মার্চ বিকাল সাড়ে তিনটায় নগরীর গল্লামারী বধ্যভূমিতে মহাসমাবেশ ও ৮ মার্চ চুকনগর বধ্যভূমিতে বিকাল সাড়ে তিনটায় সমাবেশ। এছাড়া এখন থেকে প্রতি শনিবার বিকাল ৩টা থেকে নগরীর শিববাড়ী মোড়ে অবস্থান কর্মসূচি ও গণজমায়েত অনুষ্ঠিত হবে। গত রবিবার রাত ৮টায় শিববাড়ি মোড়ের নির্দলীয় গণমঞ্চে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পী।
সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় নির্দলীয় গণমঞ্চের গণসংযোগ চলতে থাকবে। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পাশাপাশি নয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিসমূহের মধ্যে রয়েছে-জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনার ভাংচুরের ঘটনায় দায়ী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার, আগামী ২৫ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের বিচারের আওতায় আনা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ২৫ মার্চের মধ্যে স্থায়ী ঘোষণা ইত্যাদি।