মেস থেকে তরুণীকে উদ্ধার
কাউনিয়ায় সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
গত রবিবার রাতে কাউনিয়ায় ছেলেধরা সন্দেহে আটক এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৮ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগগ্রাম এলাকার আব্দুল মেছের আলীর মেয়ে তাহরীমা (২২) কাজের সন্ধানে উপজেলার হারাগাছ মেনাজ এলাকায় আসে। পরে ওই এলাকার লোকজন তাকে ছেলেধরা সন্দেহে আলিফ উদ্দিন স্কুলের পাশে ছেলেদের মেসে আটক করে রাখে।
খবর পেয়ে সন্ধা ৭টার দিকে কাউনিয়া থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে গেলে একদল উচ্ছৃঙ্খল লোক পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে রংপুরের সার্কেল বি রেজাউল করিম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে, ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ তাহরীমাকে উদ্ধার করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোঁড়ে। উদ্ধারকৃত তাহরীমা মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পুলিশের কাজে বাধা দেয়া এবং পুলিশকে মারপিটের অপরাধে একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে ওসি রেজাউল ইসলাম রেজা জানান।