ধামইরহাটে মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক স্তরে সরকারি
শিক্ষা প্রতিষ্ঠান নেই
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিত্তবান পরিবারের শিক্ষার্থীরা পড়াশুনার জন্য শহরে পাড়ি জমালেও মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সে সুযোগ থেকে বঞ্চিত। প্রায় ৩ লাখ জনসংখ্যার এ উপজেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য অভিজ্ঞমহলের।
জানা গেছে, উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৫টি। তন্মেধ্যে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা ও ০৬টি কলেজ রয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুম, ছাত্রাবাস, নলকূপ, স্যানিটেশন, খেলাধুলার মাঠ সংকট রয়েছে। রয়েছে শিক্ষক ও শিক্ষার প্রয়োজনীয় উপকরণসহ নানাবিধ সমস্যা। এদিকে সদর এলাকা থেকে দূরবর্তী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ভালো ও দক্ষ শিক্ষকের অভাব। ফলে শিক্ষার্থীরা ক্লাসের চেয়ে কোচিংয়ের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। পৌরসভার কমিশনার রেজুয়ান হোসেন বলেন, ধামইরহাটে কোনো সরকারি হাইস্কুল ও কলেজ না থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অন্তত একটি উচ্চ বিদ্যালয় ও কলেজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি।