রাউজান পৌর মেয়রকে
অব্যাহতি, বিএনপি
নেতাদের নিন্দা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
রাউজান পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে রাউজান পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করে মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে প্যানেল মেয়র মোহাম্মদ বশির উদ্দিন খানকে। দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আবদুল্লাহ আল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে বলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা জানিয়েছেন। বিধি অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে রাউজান পৌর মেয়রের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, আবদুল্লাহ আল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, রাউজান উপজেলা বিএনপি এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, মেয়র হিসেবে শপথ গ্রহণের পর একদিনের জন্যও রাউজান পৌরসভা ভবনে গিয়ে দায়িত্ব পালন করার সুযোগ পাননি আবদুল্লাহ আল হাসান। রাজনৈতিক প্রতিপক্ষের বাধার কারণে নিজ বাসভবনে বসেই তিনি দাপ্তরিক কাজ সারতে বাধ্য হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।