রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়
হলে সিট বরাদ্দের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস বর্জন, ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে। ওই সেশনের সকল শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে পর্যাপ্ত সিট খালি থাকা সত্ত্বেও প্রশাসন থেকে বরাদ্দ না দেয়ায় তাদের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করতে হচ্ছে। সেখানে তারা প্রায়ই শিবির সন্দেহে পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে রুয়েট উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘ছাত্রদের সমস্যার বিষয়টি আমরা অবগত। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’