জাতীয় পতাকা ও শহীদ মিনার
অবমাননাকারীদের নাগরিকত্ব
বাতিল চাই: হানিফ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা এবং বাঙালি জাতিসত্তার অন্যতম প্রতীক শহীদ মিনারকে অবমাননা করার মতো দুঃসাহস ও স্পর্ধা দেখিয়েছে তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। এদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।
গতকাল সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতাকা মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর শাকিল জয় এমপি, রফিকুল ইসলাম লিটন, দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, মহানগর দক্ষিণ স্বেচ্ছসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্ব স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।