কাফরুলে পুলিশ সোর্স
খুন, শিশুর লাশ উদ্ধার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
রাজধানীর কাফরুলে দুর্বৃত্তরা জামাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। সোমবার সকালে কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। জামাল একজন প্রাইভেটকার চালক। পাশাপাশি তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানা গেছে। এদিকে খিলক্ষেতের একটি বাসা থেকে শেখ ইসমাম নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানা পুলিশ জানায়, পূর্ব শেওড়াপাড়া গলির ভেতর থেকে জামালের লাশ উদ্ধার করা হয়। তার গলায়, পেটে, বুকে ও হাতেসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কাফরুল থানার এসআই আমির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে জামালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সে সন্ত্রাসীদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতো বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পেছনে এ কারণটিও খতিয়ে দেখা হচ্ছে। জামালের আত্মীয় বলেন, গতকাল সকাল ৭টার দিকে কে বা কারা জামালকে কাফরুলের জামতলা বাজার বাসা থেকে ফোনে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তারা জানতে পারেন, তার লাশ রাস্তায় পড়ে আছে।
জামালের বাবার নাম হানিফ পাটোয়ারী। ভোলার চরফ্যাশনে তাদের গ্রামের বাড়ি। জামাল স্ত্রী ও এক ছেলে-এক মেয়ে নিয়ে কাফরুলের ভাড়া বাসায় থাকতেন।
শিশু ছেলেকে হত্যার পর সত্ মা পলাতক ঃ রাজধানীর খিলক্ষেতে শেখ ইসমাম (১২) নামে একটি শিশুকে হত্যার পর সত্ মা পারভীন বেগম পালিয়েছে। রবিবার গভীর রাতে খিলক্ষেতের জামতলা বাসন্তি কুঞ্জের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে পুলিশ শিশুর লাশটি উদ্ধার করে। তার শরীরে কালো দাগ ও জখমের চিহ্ন রয়েছে। ইসমাম স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কেএম আশরাফ উদ্দিন জানান, শিশুটি তার বাবা শাহেনেওয়াজ ও সত্ মা পারভিনের সঙ্গে ঐ বাসায় থাকতো। তবে ঘটনার পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সত্ মা তাকে হত্যার পর পালিয়েছে। সোমবার বিকাল পর্যন্ত শিশুটির কোন স্বজনও পাওয়া যায়নি।
দুই বাসের ধাক্কায় আহত ১০ : সোমবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে রোকেয়া সরণিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুই বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি’র একটি বাস গেটের সামনে দাঁড়ালে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়।