আইটি ফার্ম বছরে ২০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে

এখন থেকে আইটি ও সফটওয়্যার ফার্মগুলো বছরে ২০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার। একইভাবে এসব আইটি ও সফটওয়্যার ফার্মে নিয়োজিত কর্মকর্তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সীমা এক হাজার ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। দেশে কার্যরত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইটি ও সফটওয়্যার ফার্মগুলো তাদের প্রকৃত খরচ মেটাতে এক বছরে ২০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবে। এছাড়া ২০১০ সালে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অন্যান্য শর্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।