শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হওয়া উচিত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
শাহবাগের প্রজন্মে চত্বর থেকে ঘোষণা করা হলো: প্রতিটি স্কুল-কলেজে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গাইতে হবে। তার পরেরদিন কয়েকটি স্কুল ঘুরে দেখলাম, জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা গাইলো জাতীয় সঙ্গীত। এ দৃশ্য দেখে অভিভূত হলাম। কিন্তু তেরো বছর বয়সী এক শিক্ষার্থী জানালো, “জানেন আমরা জাতীয় সঙ্গীত গাইতেতো ভুলেই গিয়েছিলাম। প্রজন্ম চত্বর আমাদেরকে আবারও উদ্বুদ্ধ করলো।”
এদিকে অভিযোগ রয়েছে— কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। গাওয়া হয় না জাতীয় সঙ্গীত। তাছাড়া নেই শহীদ মিনার। বড়ই দুঃখজনক। তাই সংশ্লিষ্ট বিভাগকে খুঁজে বের করতে হবে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় না কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বিশেষ নজর রেখে তাদেরকে এখনই নির্দেশ দিতে হবে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়ার। সেইসঙ্গে শহীদ মিনার নির্মাণ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন,
ঢাকা