শাহবাগের সঙ্গে দ্বিমত নেই তবে আমরা ইসলাম অবমননার বিরুদ্ধে
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের দাবির সঙ্গে তাদের দলের দ্বিমত নেই। তবে ব্লগে ইসলাম ধর্ম এবং আলেমদের নিয়ে বিতর্কসূচক লেখায় তাদের ঘোর আপত্তি রয়েছে। একইসঙ্গে জামায়াত আর ইসলাম সমার্থক নয় উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ব্লগে মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলের চলমান আন্দোলন এবং এর সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এই সংবাদিক সম্মেলনের আয়োজন করে খেলাফত মজলিশ।
এক প্রশ্নের জবাবে আবদুল কাদের বলেন, জামায়াতে ইসলামী ও ইসলাম এক জিনিস নয়। দয়া করে আপনারা (সাংবাদিক) এটাকে এক করবেন না। খেলাফত মজলিস যুদ্ধাপরাধীদের বিচার চায় জানিয়ে তিনি বলেন, আমরা শাহবাগের গণজাগরণের বিরুদ্ধে নই। কিন্তু যেসব ব্লগার ইসলাম ও আলেমদেরকে বিতর্কিত করেছেন, আমরা তাদের বিরুদ্ধে।
শুক্রবার জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনারে হামলার বিষয়ে তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের গর্ব। জাতীয় পতাকা অবমাননার ঘটনায় খেলাফত মজলিস তীব্র নিন্দা জানায়। খেলাফত মজলিস এটা করেনি। তবে অনুপ্রবেশকারী কেউ এটা করতে পারে।
সাংবাদিক সম্মেলনে সারাদেশে আটক মুসল্লী ও আলেমদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মানিকগঞ্জে রবিবার পুলিশের গুলিতে পাঁচজনের প্রাণহানির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আবদুল কাদের। ঐ ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তিনি। সাংবাদিক সম্মেলনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলীও উপস্থিত ছিলেন।