প্রত্যক্ষ সাক্ষীর অভাবে সাগর-রুনি হত্যার তদন্তে বিলম্ব হচ্ছে
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি একটি স্পর্শকাতর মামলা। হত্যাকাণ্ড সংঘটিত হয় রাতের অন্ধকারে। আর হত্যাকাণ্ডের প্রত্যক্ষ কোনো সাক্ষী না থাকায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।’
গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে লুত্ফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ কথা
জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর ও রুনি মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় পুলিশ আসার আগেই সাংবাদিক ও সাধারণ জনগণ ঘটনাস্থলে পৌঁছে মামলার সকল গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেয়।’ তিনি জানান, মামলা প্রথমে থানা পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে। এর দুই মাস পর হাইকোর্টের নির্দেশে তদন্তভার র্যাবের ওপর ন্যস্ত হয়। অপরাধীদের চিহ্নিত করাসহ গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
মন্ত্রী আরো জানান, ইতিমধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আট জনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি অত্যাধুনিক ল্যাবকে এই মামলার তদন্তের সাথে সম্পৃক্ত করা হয়েছে। গত ১৩ জানুয়ারি আরও কিছু আলামত আদালতের অনুমতি নিয়ে পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে বলে তিনি সংসদকে জানান।