ওয়াশিংটন দূতাবাসে
মহান একুশে
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাণী পাঠ করা হয়।
ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ২১শে ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশগ্রহণের সুবিধার্থে ২৪শে ফেব্রুয়ারি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ আব্দুল মুহিত স্বাগত বক্তব্যে একুশের ভাষা শহীদদের মহান ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য ভাষা উত্সবে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মুহিত বলেন, বিশ্বের সকল ভাষার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণার জন্য বর্তমান সরকার ঢাকায় একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট তৈরি করেছেন। আলোচনাসভায় অংশগ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিসটেন্ট সেক্রেটারি ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া অ্যাফেয়ার্স মিজ এলিসা আয়য়ার্স, জাতিসংঘ কর্মকর্তা হাসান ফেরদৌস এবং জন জে স্মিথ। তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে বর্তমান বিশ্বে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের প্রশংসা করেন। আলোচনাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, চীন, ভারত, প্যারাগুয়ে, আফগানিস্তান, নেপাল, থাইল্যান্ড, সাউথ কোরিয়া, ত্রিনিদাদের শিল্পীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি