পিলখানা হত্যাকাণ্ড
সুদূরপ্রসারী ষড়যন্ত্রের
অংশ : ফখরুল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একটি অত্যন্ত সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ এটি। বাংলাদেশকে ব্যর্থ, দুর্বল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এটি করা হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে ধ্বংস করা এবং সেনাবাহিনীর মনোবল ভেঙ্গে দিয়ে জাতীয় নিরাপত্তার স্তম্ভ দুর্বল করাই ছিল ওই হত্যাকাণ্ডের লক্ষ্য। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, কী কারণে সেনা তদন্ত প্রতিবেদন পুরো প্রকাশ করা হয়নি? কার স্বার্থে? ‘পিলখানা হত্যাকাণ্ডের ৪র্থ বার্ষিকী উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে’ গতকাল সোমবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ‘ফিরে দেখা ২৫ ফেব্রুয়ারি ২০০৯ শীর্ষক’ এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সাবেক বিচারপতি টিএইচ খান। অনুষ্ঠানের শুরুতে পিলখানা হত্যাকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের ‘নেপথ্য নায়কদের’ খুঁজে বের করার দাবি জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ বলেন, রাজনৈতিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের সমাধান করতে গিয়ে ৫৭ জন সেনাসদস্যকে বলি দেয়া হয়েছে। সে সময়ের বিদ্রোহী জওয়ানদের তিনি সরকারের ‘দোসর’ বলে উল্লেখ করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান, শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।
খালেদা জিয়া ফিরবেন কাল
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে আগামীকাল বুধবার রাতে দেশে ফিরবেন। আজ তার দেশে ফেরার কথা ছিল। তবে চিকিত্সকের পরামর্শে তিনি একদিন বেশি সেখানে অবস্থান করবেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুর যান।