বিজেপি মহাসচিব শামিম আল মামুনের ইন্তেকাল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র মহাসচিব মুক্তিযোদ্ধা শামিম আল মামুন গতকাল সোমবার বিকেল ৪টায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মামুন দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সমস্যা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সকগণ মৃত ঘোষণা করেন।
আজ বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং তার জন্মস্থান টাঙ্গাইলে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ১৮ দলীয় জোটের শরীক বিজেপির মহাসচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মহাসচিবের মৃত্যুতে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান এমপি গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে পার্টির অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তার মত দক্ষ বিচক্ষণ রাজনীতিবিদের শূন্যস্থান পূরণ করা কিছুতেই সম্ভব নয়। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।