কোম্পানীগঞ্জে প্রতীকী
ফাঁসি দেখাতে গিয়ে
মর্মান্তিক মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাদের মোল্লার প্রতীকী ফাঁসি দিতে গিয়ে গলায় ফাঁস আটকে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের লবণবেপারী বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে আবদুর রহমান শাকিল (১৪) রবিবার রাত ৮টায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়ে ফাঁসির অভিনয় করতে গিয়ে হঠাত্ গলায় ফাঁস আটকে যায়। প্রতীকী ফাঁসির মঞ্চের উপস্থিত লোকজন দ্রুত শাকিলের গলার ফাঁস খুলতে গিয়ে দেখে সে মৃত। শাকিলের পিতা-মাতা দু’জনেই মৃত। নানা বাড়িতে থেকে বড় হচ্ছিল। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। মৃতের নিকটাত্মীয়রা টেলিভিশনে ফাঁসির মঞ্চের দৃশ্য দেখে উত্সাহিত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে বলে বিলাপ করছিলেন। কোম্পানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।