গ্রাহকদের টাকা পরিশোধ না করে আইসিএল বন্ধে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিঃ (আইসিএল) এর সিদ্ধিরগঞ্জ শাখার গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা পরিশোধ না করে শাখা বন্ধ করায় আমানতকারীরা বিক্ষোভ করেছে। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আইসিএল এর সিদ্ধিরগঞ্জ শাখার কার্যালয় বন্ধ দেখে গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করে। সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় রজ্জব আলী মার্কেটে আইসিএল তাদের কার্যক্রম পরিচালনার জন্য ডেমরা শাখা চালু করে। গত সাড়ে ৩ বছরে এ শাখা লোভনীয় লভ্যাংশ প্রদানের আশ্বাস দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে বিপুল সংখ্যক গ্রাহকরে কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। শাখায় আমানত রাখা ছাড়াও বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম চলত। সোমবার আমানতকারীরা শাখা কার্যালয়ে এসে দেখতে পায় শাখার দরজা বন্ধ এবং দরজায় একটি নোটিশ টাঙ্গানো রয়েছে। নোটিশে বলা হয়, আইসিএলের শাখা বন্ধ করে প্রধান কার্যালয়ের সাথে একীভূত করার লক্ষ্যে এ শাখা বন্ধ করা হয়েছে । আমানতকারীদের তাদের নিজস্ব জায়গায় আইসিএল গার্ডেন সিটি, পূর্ব বাডডা, ঢাকা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এসময় একাধিক গ্রাহক জানায়, তাদের আমানকৃত টাকার বিপরীতে প্রথম কয়েক মাস নিয়মিত লভ্যাংশ পেয়েছে। গত ৭/৮ মাস লভ্যাংশ দিতে গড়িমসি করতে থাকে। লভ্যাংশ না পাওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি ক্ষুদ্ধ গ্রাহকরা আইসিএল এর শাখা কর্মচারীদের মারধর ও বিক্ষোভ করে। শাখার ব্যবস্থাপক জাহিদুর রহমান জানায়, সমবায় আইনে শাখা কার্যক্রম বন্ধ করার বিধান থাকায় শাখা বন্ধ করে প্রধান কার্যালয়ের সাথে একীভূত করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানকার্যালয় থেকে গ্রাহকদের সবরকম সহযোগিতা করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ওসমান এ বিষয়ে কিছুই জানে না বলে জানান।