পরীক্ষার আগে খাবারে চাই সঠিক পুষ্টি

শহর আর গ্রামের শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস আলাদা হয়ে থাকে। পরীক্ষার আগে পড়ার চাপ বেশি থাকে তাই রাত জেগে পড়াশোনা করে একজন শিক্ষার্থী। এতে বেশি ক্যালরি দরকার হয়। এ জন্য পরীক্ষার আগে শিক্ষার্থীকে খেতে দিতে হবে বেশি করে ডিম-দুধসহ অন্যান্য পুষ্টিকর খাবার। সকালের নাশতা একটু ভারী হতে হবে। পড়তে পড়তে খিদে অনুভব হয়, তাই দুপুরে খাবারের আগে স্ন্যাকস জাতীয় খাবার খেতে পারে। দুপুরের খাবারটা শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী খাবে। অনেকে দুপুরে বিশ্রাম নিয়ে আবার পড়তে বসে আর এই পড়ার ফাঁকে আবার স্ন্যাকস জাতীয় খাবার খেতে পারে। রাতে যদি একটু আগে-ভাগে খেয়ে নেয়, সে ক্ষেত্রে রাত জেগে পড়লে রাতে হালকা খাবার খেতে পারে। খেতে হবে প্রচুর পানি আর দেশীয় ফল। অনেক শিক্ষার্থীকে বাবা-মা খুব বেশি বোতলজাত জুস খেতে দেন। এ ধরনের জুস কিংবা ফলের রসের পরিবর্তে সরাসরি দেশীয় ফল খাওয়া সবচেয়ে ভালো। মাংসের সঙ্গে সঙ্গে সবজিও খাওয়া উচিত বেশি করে। পরীক্ষার আগে অনেক মা-বাবা সন্তানকে বেশি খাবার খাওয়ান। তবে হঠাত্ করে বেশি খাবার খেলে শরীর খারাপ করতে পারে। বেশি নয়, খাবার হতে হবে পরিমিত ও পুষ্টিকর। নিয়ম করে কয়েকবার গ্লুকোজ জাতীয় খাবার খেলে ভালো। তবে খাবারের সঙ্গে ভালো ঘুমের অনেক বেশি দরকার।