অন্যরকম ভালবাসা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
ভালবাসা দিবসটিকে সবাই চান স্মরণীয় করে রাখতে। সবাই চান নিজের আপনজনের সাথে একান্ত কিছু সময় কাটাতে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চিটাগং ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’ সংগঠনের একদল তরুণ-তরুণী দিনটি উদ্যাপন করলেন প্রায় ৪০ জন পথশিশুর সাথে। সংগঠনটির সভাপতি আবু তারেক ফারুকি বলেন, ‘ভালবাসা দিবসটি সমাজের বিত্তবানেরা খুব ঘটা করে পালন করেন। কিন্তু এ সকল পথশিশুরা সব সময়ই থেকে যায় অবহেলিত ও ভালবাসা বঞ্চিত।’ এ দিনটি পালনের জন্য সিইউএফএস এর তরুণেরা গত তিনদিন ধরে গ্রুমিং করেন। চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশন থেকে তারা ৪০জন পথশিশুকে বাছাই করেন।
এরপর তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। স্টেশন চত্বরে এ সকল পথশিশুকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়। সেখানে তাদের সকালের নাস্তা দেয়া হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। এতে শিশুরা নাচ, গান, আবৃত্তি করে। এরপর তারা অংশ নেয় বিভিন্ন খেলাধুলায়। খেলাধুলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বালিশ চালনা ইত্যাদি। এরপর তারা সবাই একসাথে দুপুরের খাবার খায়। পরে এ সকল শিশুদের অংশগ্রহণে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা ও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তার উপর প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেয়া হবে এ সকল পথশিশুদের। এ সকল শিশুদের থেকে ৫ জনকে বাছাই করে তাদেরকে আর্থিক সহযোগিতা ও তাদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে বলেও জানান সংগঠনটির সভাপতি।