সে আমার আত্মার সঙ্গী :আইয়ুব বাচ্চু

আর একদিন পরই পপ গুরু আজম খানের জন্মবার্ষিকী। পপগুরুর জীবদ্দশায় সবচেয়ে ঘনিষ্ঠ শিল্পী হলেন এ দেশের রকলিজেন্ড আইয়ুব বাচ্চু। সর্বশেষ আজম খানের জন্য দুটি গান বেঁধেছিলেন তিনি। এ ছাড়া আইয়ুব বাচ্চুর সুরে দ্বিতীয়বারের মতো সলো অ্যালবাম রিলিজের প্রক্রিয়া চলছিল। এমন সময়ই আজম খান চলে গেলেন না ফেরার দেশে। তাই সেই গানদুটি এবং আজম খান স্মরণে তৈরি ট্র্যাকগুলোর কাজ নিয়ে আইয়ুব বাচ্চুর কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আজম ভাই ওই সময়ই গান দুটির একটি ডেমো ট্র্যাক নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন প্র্যাকটিস করেই তিনি খুব শিগগিরই ভয়েস দেবেন। কিন্তু সেই ভয়েস আর তার দেওয়া হলো না। তবে ইচ্ছে আছে, সময় পেলে সেই গানসহ ট্রিবিউট অ্যালবাম করব।’ তবে সম্প্রতি শাহবাগ প্রজন্ম চত্বরে আইয়ুব বাচ্চু যাচ্ছেন এমন খবর এলেও তিনি বিনোদন প্রতিদিনকে জানান, ‘আমার এখন এই শরীরে যেতে চাইছি না। আর আমি তরুণদের সাথে ছিলাম, আছি, সব সময়ই থাকব। তরুণদের নিয়ে তো প্রাণের উচ্ছ্বাস করে কাটালাম এতকাল। আর ডাক্তারের পরামর্শে আরও কিছুদিন বিশ্রাম নিয়ে একেবারে আগামী মাসের যেকোনো সময় মঞ্চে উঠে গাইব। তবে এর ভেতর আমি নিয়মিত রেকর্ডিং সেশনে অংশ নিচ্ছি। নতুন গান হয়তো খুব শিগগিরই রিলিজ দেব।’ আজম খান প্রসঙ্গে বলতে বললেই কান্নাজড়িত কণ্ঠে আইয়ুব বাচ্চু বলেন, ‘তার কথা কি বলব, সে তো আমার আত্মার সঙ্গী। আমার প্রাণের অভিভাবক। আমার অভিভাবকহীন দিন কাটছে এখন।’