নির্বাচন নিয়ে আলোচনার আহ্বান মুরসির

মিসরে পার্লামেন্ট নির্বাচন নিয়ে সোমবার আলোচনায় বসতে বিরোধীদলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তবে প্রেসিডেন্টের এ আহ্বানে নতুন কিছু না থাকায় তা তাত্ক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান বিরোধী জোট দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য একমত হতে সরকার বিরোধী যে দলগুলো নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিল তাদের প্রতি রবিবার টিভিতে দেয়া এক সাক্ষাত্কারে এ আহ্বান জানিয়েছিলেন মুরসি। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এ আশ্বাস দিয়ে সব বিরোধী দলকে সোমবার আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ২৭ এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার পর তা পরিবর্তন করে তারিখ ৫ দিন এগিয়ে এনেছেন মুরসি। নতুন সময়সূচি অনুযায়ী মিসরে পার্লামেন্ট নির্বাচন হবে ২২ এপ্রিল। দেশের কপটিক খ্রিস্টানদের আবেদনে সাড়া দিয়ে মুরসি এ তারিখ পরিবর্তন করেছেন। ২২ এপ্রিল নির্বাচন শুরু হবে এবং রাজধানী কায়রো ও দেশের ৫টি প্রদেশে তা অনুষ্ঠিত হবে ৪টি পর্যায়ে। কিন্তু বিরোধী নেতাদের জাতীয় ঐকমত্যের দাবির মুখে এবং সমাজের বিভাজন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার মধ্যে জাতীয় মতৈক্য হওয়ার আগেই মুরসির নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপে সঙ্কট আরো বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।