বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সিরিয়া সরকার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
সিরিয়া সরকার বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে সোমবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেম। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছ থেকে ‘সুনির্দিষ্ট সহযোগিতার প্রতিশ্রুতি’ পাওয়ার পর সিরিয়ার বিরোধী জোট রোমে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছে। মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌয়ালেম বলেন, ‘‘আলোচনা চায় এমন যে কারো সঙ্গেই আমরা সংলাপের জন্য প্রস্তুত, এমনকী যাদের হাতে অস্ত্র আছে তাদের সঙ্গেও। কারণ আমরা মনে করি রক্তক্ষয়ের মধ্যদিয়ে সংস্কার সম্ভব হবে না। কেবলমাত্র সংলাপের মধ্যদিয়েই তা হওয়া সম্ভব। ’’
আলোচনার এই সম্ভাবনার ব্যাপারে রাশিয়ার সংবাদমাধ্যম ইতার তাস মৌয়ালেমের আর কোনো বক্তব্য জানায়নি। তাছাড়া সংলাপ শুরুর জন্য সিরিয়া সরকার কোনো শর্ত দিয়েছে কিনা সে সম্পর্কেও পরিষ্কার করে কিছু জানা যায়নি। মৌয়ালেমের উদ্ধৃতি দিয়ে ইতার তাসের প্রতিবেদনে বলা হয় ‘‘সিরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আমরা শান্তি প্রতিষ্ঠায় অবিচল থেকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাব।”
সিরিয়ার সরকার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) দেশে গৃহযুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তি করা নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও তার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ এবং তাকে আলোচনায় অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে। তবে এসএনসির প্রধান মোয়াজ আল খতিব দামেস্কের পক্ষ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলে জানিয়েছেন। ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ার বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিদ্রোহীরা। দু’পক্ষের সংঘর্ষে গত দুই বছরে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ ও আরব লিগের শান্তি প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো রকম সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার ও সরকার বিরোধীরা।
এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছ থেকে ‘সুনির্দিষ্ট সহযোগিতার প্রতিশ্রুতি’ পাওয়ার পর রোমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছে সিরিয়ার বিরোধী জোট। এর আগে তারা সিরিয়ার সহিংসতার ব্যাপারে ‘বিশ্বের নীরবতার’ কারণে ঐ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছিল। লন্ডন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সাথে বৈঠকের পর সিরিয়ার বিরোধী জোটের নেতা মোয়াজ আল খতিবকে বৃহস্পতিবার রোমে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেয়ার আহবান জানান। এরপর সোমবার বিকালে এক ফেসবুক পোস্টে খতিব ইতালি যাওয়ার কথা জানান।