অচলাবস্থার মুখে ইতালি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
পার্লামেন্ট নির্বাচনের অপ্রত্যাশিত ফলাফল অর্থনৈতিক সঙ্কটের ঝুঁকির মুখে থাকা ইতালিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে। নির্বাচনে কৌতুকাভিনেতা বেপ্পে গ্রিল্লোর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানবিরোধী ফাইভ স্টার মুভমেন্ট সবচেয়ে শক্তিশালী দল হিসেবে উঠে আসলেও কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে গ্রিল্লোর ফাইভ স্টার মুভমেন্ট। ২৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে দলটি। ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এর পরেই আছে বারসানির দল ডেমক্রেটিক পার্টি। মাত্র তিন বছরের মধ্যেই ফাইভ স্টার মুভমেন্ট ইতালির সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে চমক সৃষ্টি করেছে।
নির্বাচনের সার্বিক ফলাফলে পিয়েরে লুইজি বারসানির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষে জয় পেয়েছে এবং উচ্চকক্ষ সিনেটে সবচেয়ে বেশি আসন পাওয়ার দাবি করেছে। কিন্তু সিনেটে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ইতালির সেন্টার ফর ইলেকট্রোরাল স্টাডিজের হিসাবে, নির্বাচনে বারসানির জোট ১২১টি, বার্লুসকোনির জোট ১১৭টি আসন, গ্রিল্লোর দল ৫৪টি আসন এবং মোন্তির মধ্যপন্থী জোট ২২টি আসন পেয়েছে। কোনো দল বা জোট সিনেটে ১৫৮টি আসন না পাওয়ায় এককভাবে কেউ সরকার গঠন করতে পারবে না। জয় দাবি করলেও পরিস্থিতিকে নাজুক বলে স্বীকার করেছেন বারসানি। মধ্য-বামপন্থী জোটের নেতারা সরকার গঠন করার চেষ্টা করবেন বলে আভাস দিলেও এক্ষেত্রে অন্য কোনো জোট বা দলের সমর্থন প্রয়োজন হবে তাদের। অন্য কোনো দল বা জোটের সঙ্গে নতুন জোট গঠনের সম্ভাবনা আগেই বাতিল করেছেন নির্বাচনে তৃতীয় স্থান দখল করা ফাইভ স্টার মুভমেন্টের নেতা গ্রিল্লো। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থী জোটও কারও সঙ্গে জোট গঠনের আগ্রহ দেখায়নি। নির্বাচনে চতুর্থ স্থান পাওয়া বর্তমান অস্থায়ী প্রধানমন্ত্রী মারিও মোন্তির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বারসানির মধ্য-বামপন্থীর জোটের মিত্রতার মাধ্যমে সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।