পাকিস্তানের গোয়েন্দা সন্দেহে এক ভারতীয় গ্রেফতার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে সামরিক গোপন তথ্য পাচার করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। গত রবিবার রাজস্থানের পোখরানের কাছে একটি গ্রামে তার নিজ বাড়ি থেকে ঐ ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সামপ্রতিক সময়ে বিবদমান কাশ্মির ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরুর কয়েক সপ্তাহ পর এ ধরনের একটি ঘটনা ঘটলো। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ঐ ব্যক্তি গত সপ্তাহে অনুষ্ঠিত সেনাবাহিনীর অনুশীলনের সকল তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সকে (আইএসআই) সরবরাহ করে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মকৌশলও পাচার করে পাকিস্তানের হয়ে কাজ করা ভারতীয় ঐ গোয়েন্দা। এক প্রতিবেদনে বলা হয়, ঐ ব্যক্তি পাকিস্তানে বাস করা এবং দেশটির গোয়েন্দাদের হয়ে কাজ করে, তার এমন এক আত্মীয়ের সাথে টেলিফোনে কথা বলার সময় সেনাবাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন। সোমবার তাকে জয়পুর আদালতে হাজির করে রিমান্ড নেয়া হয়। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।