নেইমার, গন্তব্য কি বার্সেলোনা

বার্সেলোনার ডিফেন্ডার ড্যানিয়েল আলভেজের দাবি নেইমার ইতিমধ্যে বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনিতে ব্রাজিলের ক্লাব সান্তোসের সাথে ২০১৪ সালের জুলাই পর্যন্ত চুক্তি আছে নেইমারের। আলভেজের ভাষ্যমতে এরপরই স্পেনে পাড়ি জমাবেন নেইমার ! তার এই মন্তব্যের এক সপ্তাহ আগে খবর বেরিয়েছিল যে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সাড়ে পাঁচ কোটি পাউন্ড নিয়ে প্রস্তুত হচ্ছে নেইমারকে দলে ভেড়াতে। আর সেটা নাকি এই মৌসুমেই। রিয়াল মাদ্রিদ ও চেলসিও মুখিয়ে আছে ২১ বছর বয়সী ব্রাজিলের এই ফুটবলারের জন্য। বার্তা সংস্থা জিনহুয়াকে আলভেজ জানালেন, নেইমার মন দিয়ে ফেলেছেন বার্সেলোনাতে। এ ব্যাপারে তিনি বলেন, ‘সে জানে কি ঘটতে যাচ্ছে। আর চুক্তিটা নিকট ভবিষ্যতে ক্লাবেই হবে। আমি যদি তার জায়গায় হতাম তাহলে যতটা সম্ভব দ্রুত চেষ্টা করতাম কারণ বিশ্বকাপ ফুটবলের (২০১৪) আগে এটা তাকে নিজস্ব খেলার কৌশলগত উন্নতির দিকে নিয়ে যেতে পারতো।’ গত বছর স্পেনের সংবাদ মাধ্যমে এসেছিল বার্সেলোনা ব্রাজিলীয় তারকা নেইমারের জন্য এক কোটি ৪০ লাখ ইউরো খরচ করতে রাজি। ফুটবল কিংবদন্তি পেলেও কাতালান ক্লাবে যোগ দিতে নেইমারকে তাড়া দেন। আলভেজ আরো বলেন, ‘আমি কি মনে করি সেটা এরই মধ্যে আমি তাকে বলেছি। সে জানে বার্সেলোনা কি দিতে পারে। আমার দায়িত্ব ছিল তাকে ব্যাপারটি বলার। এটাও ঠিক যে আমি তাকে এখানে টেনে নিয়ে আসতে পারি না । আমি যদি তা পারতাম তাহলে করতাম। এটা তো তার সিদ্ধান্ত।’ নেইমার কি টানা চার বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির সমমানে যেতে পারবে ? এমন প্রশ্নে আলভেজ, ‘আমি জানি না মেসি যে অবস্থানে পৌঁছেছে সেখানে সে পৌঁছাতে পারবে কিনা। কিন্তু সে সমান একই মানে পৌঁছাতে পারে। আপনি যদি চিন্তা করেন মেসি ইতিমধ্যে কি অর্জন করেছে, এটা জটিল।’