জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

“রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবেন বারো মাস”- এ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাটে রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করবেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। এ উপলক্ষে গতকাল রাজধানীতে মত্স্য ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জাটকা জেলে ও মত্স্যজীবী সম্প্রদায়, ইলিশের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, আড়তদার এবং অন্যদের সচেতন করে তোলা এবং প্রচারণার মাধ্যমে জাটকা সংরক্ষণ ও ইলিশের উত্পাদন বৃদ্ধির বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেয়াই এই কর্মসূচির উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস।