চট্টগ্রামে পলোগ্রাউন্ড ভাড়া দিয়ে রেলওয়ের আয় ৫০ লাখ টাকা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
চট্টগ্রামে দুইটি ব্যবসায়ী সংগঠন আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করলেও তাদের কোন নিজস্ব জায়গা নেই। রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠটি ভাড়া নিয়ে এই মেলার আয়োজন করে তারা। এই সুযোগে রেলওয়ে কর্তৃপক্ষ খেলাধুলার মাঠকে ভাড়া দিয়ে বিশাল অংকের আর্থিক লাভবান হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, মাঠটি দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে বাণিজ্য মেলার জন্য ভাড়া দিয়ে আয় করে প্রায় ৫০ লাখ টাকা। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীতে খেলাধুলার যে কয়েকটি মাঠ রয়েছে তার মধ্যে সর্ববৃহত্ রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠ। নগরীর টাইগারপাস সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় অবস্থিত পলোগ্রাউন্ড ময়দান। বিভিন্ন সময় বড় ধরনের রাজনৈতিক জনসমাগমের কারণে দেশজুড়ে এই মাঠের খ্যাতি রয়েছে। তবে বড় ধরনের সমাবেশ না হলে কোন রাজনৈতিক দল এই মাঠে সমাবেশ করে না। আবার রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দিয়ে কর্তৃপক্ষ কোন আর্থিক লাভবান হয় না। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের দুইটি ব্যবসায়ী সংগঠন বাণিজ্য মেলা করার জন্য বছরে দুইবার ভাড়া নিয়ে থাকে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম ওমেন চেম্বার এই বাণিজ্য মেলার আয়োজন করে থাকে। প্রতিটি মেলা এক মাস স্থায়ী হয়। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও স্থানীয়দের অভিযোগ, মাঠকে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি আয়ের উত্স হিসাবে ব্যবহার করছে। মেলায় ক্ষণিকের জন্য স্থাপনা নির্মাণের জন্য ব্যাপক খোঁড়াখুঁড়ি করা হয়। মেলার পরে ক্ষতিগ্রস্ত মাঠ পুনরায় ঠিকভাবে মেরামত করা হয়। এছাড়া মেলা চলাকালীন মাঠে ইট, বালি, সিমেন্ট নিয়ে ফ্লোর নির্মাণের কারণে মাঠের ঘাসগুলো নষ্ট হয়ে যায়। ফলে খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে পড়ে। বর্ষাকালে গর্তে পানি জমে থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মাঠের সংস্কার বাবদ জামানত নেয়া হয়। এই মাঠ ভাড়া প্রদানের জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। এ প্রসঙ্গে কমিটির সভাপতি ও রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তফাজ্জল আহমেদ ইত্তেফাককে বলেন, পলোগ্রাউন্ড রেলওয়ের নিজস্ব মাঠ। নগরীতে খেলাধুলার জন্য খোলা মাঠের সংকট রয়েছে। বাণিজ্য মেলার জন্য ভাড়া দেয়ায় মাঠের কোন ক্ষতি হচ্ছে না। এটাকে আমরা সংরক্ষণ করছি।