গাজীপুরে ৮ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরে আটটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন ধরে বেতন-বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ৮ দফা দাবিতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের কটন ক্লাব (বিডি) লিমিটেড, মনটেক্স এবং আলিম নিটওয়্যার্স লিমিটেড কারখানাসহ চার পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা গত দুই দিন কারখানার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ সমঝোতা বৈঠকে বসেন। শ্রমিকরা তাদের দাবি আদায়ে অনড় থাকলে এবং আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কারখানা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার সকালে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একই কারণে পার্শ্ববর্তী ডিবিএল গ্রুপের জিনাত টেক্সটাইলসহ ৪টি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।