নোয়াখালীতে পুলিশের উপর হামলা
দুই হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, ১৭ জন জেলহাজতে
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অন্বরনগর গ্রামে রবিবার রাতে ডাকাত সন্দেহে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৫ জনকে এজাহারভুক্ত ও দেড় থেকে দুই হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে সেনবাগ থানার এসআই মফিজুল ইসলাম সোনাইমুড়ি থানায় মামলা করেন। সোনাইমুড়ির থানার ওসি হুমায়ুন কবিরকে এই মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার রাতে ২৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে যাচাই বাছাই করে ৬ জনকে ছেড়ে দেয়া হয়। ঘটনায় জড়িত অভিযোগে অন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে গ্রেফতারের ভয়ে ঐ গ্রাম এখন পুরুষ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত এসপি মো. মাহবুবুর রশিদ জানিয়েছেন, এই মামলায় নিরীহ গ্রামবাসী যাতে হয়রানির শিকার না হন, সে দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো।