রাবি শিক্ষক সমিতির নির্বাচন

১৫টি পদের ১৩টিতে আওয়ামী লীগ-বাম সমর্থিত প্যানেলের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থি সমর্থক শিক্ষকদের হলুদ প্যানেল ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে। সভাপতি এবং একটি সদস্য পদ পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা প্যানেল। সোমবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রুহুল আমিন। সভাপতি নির্বাচিত হন সাদা প্যানেলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আজাহার আলী। তিনি পান ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের প্রার্থী সমাজকর্ম বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন। তিনি পেয়েছেন ৪৩৬ ভোট। হলুদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম (৪৭৭)। সাধারণ সম্পাদক পদে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান-উল- ইসলাম (৫৫৮)। কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম (৪৬১) এবং যুগ্ম-সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. শীতংশু কুমার পাল (৪৭৯) বিজয়ী হয়েছেন। হলুদ প্যানেল থেকে সদস্য পদে ড. রেজিনা লাজ (৪৯১)। ড. শরিফুল হাসান (৪৪৯)। ওমর ফারুক (৫৩১)। শহিদুল আলম (৫২৭)। আলী আজগর (৫২০)। তাজুল ইসলাম (৫৩৮)। এসএম ইমতিয়াজ (৫২১)। তপন কুমার (৪৭৮) ও রোস্তম আলী আহমেদ (৪৭৮) বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনার রুহুল আমিন জানান, নির্বাচনে ১ হাজার ৬৫ জন শিক্ষকের মধ্যে ৯৯২ জন শিক্ষক ভোট দিয়েছেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জুবেরী ভবনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি।