সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে সরকার জনগণকে বিভক্ত করে সংঘাত সৃষ্টি করছে। গতকাল মঙ্গলবার পত্নীতলা উপজেলার চকনিরখিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের সদস্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, আমরা যুদ্ধাপরাধের সাথে জড়িতদের আন্তর্জাতিক মানের বিচার যেমন চাই। বিচারের নামে যেন কোন প্রহসন না হয়। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে আগামীতে দেশে অসাংবিধানিক সরকার আসতে পারে। বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব ও নওগাঁ জেলা কমিটির প্রেসিডেন্ট আব্দুর রউফ চৌধুরী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, মোহাম্মদ অহিদউদ্দীন, আব্দুল খালেক চৌধুরী, আশরাফুল ইসলাম প্রমুখ।