মিঠু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন রাজু, সুজন ও রতন। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিদের মৃত্যুদণ্ডের অতিরিক্ত বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
আসামি রাজু ঢাকার সাভার থানার চাপাইন গ্রামের কচি মিয়ার ছেলে। সুজন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বুককাঠি গ্রামের পিয়ারু মিয়ার ছেলে ও রতন টাঙ্গাইল জেলার মধুপুরের সান্দারকুল ইউনিয়নের জাহাঙ্গীর মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর আসামিরা হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত বছরের ১৭ ফেব্রুয়ারি একই আদালত হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন
ঘটনার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ মে রাত সাড়ে ১০টার পর সাংবাদিক মিঠু তার উত্তরার বাসায় যাওয়ার জন্য ফার্মগেট পুলিশ বক্সের সামনে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেটকারে উঠিয়ে মিঠুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ও লাশ তুরাগ থানা এলাকার রোস্তমপুরে বেড়িবাঁধের পাশে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের ভাই রহমত উল ইসলাম পরেরদিন রাজধানীর তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।