ইমামকে হুমকিদাতা ফারাবী ৫ দিনের রিমাণ্ডে

রাজধানীতে নিহত ব্লগার রাজীবের জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকি প্রদানকারী ফারাবীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাঈনুল ইসলাম ফারাবীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। এসময় ফারাবীর আইনজীবী রিমান্ড বাতিল করে তার জামিন আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ফারাবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী থানা পুলিশ শফিউর রহমান ফারাবীকে গত রবিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি টিম ফারাবীকে বুঝে নেন। এরপর ডিবি পুলিশ গতকাল তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার রাজীব । মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অনিয়মিত ছাত্র (২০০৫-০৬ শিক্ষাবর্ষ)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের শুরুতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও ২০১০ সালে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।