মাইকেল মধুসূদনের সৃষ্টি ও জীবনের উপর আলোচনা সভা

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা কুমিল্লায় ‘মাইকেল মধুসূদন দত্ত :সৃষ্টি ও জীবন’ শীর্ষক বিশ্লেষণধর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘আমরা জ্যোত্স্নার প্রতিবেশী’-এর আয়োজনে কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। সংগীতানুষ্ঠানপূর্ব সভায় সংগঠনের সভাপতি জহিরুল হক দুলালের সভাপতিত্বে ‘মাইকেল মধুসূদন দত্ত :সৃষ্টি ও জীবন’ শীর্ষক বিশ্লেষণধর্মী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নজরুল গবেষক অধ্যক্ষ ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ভিক্টোরিয়া কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, লেখক শান্তনু কায়সার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান ও লেখক শান্তিরঞ্জন ভৌমিক। এতে মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ এহতেশাম হায়দার চৌধুরী। কবি সৈয়দ আহমাদ তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রতন ভৌমিক প্রণয়, ফেরদৌসি শিখা ও দীপ্র আজাদ কাজল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী একরামুল হক, মানসী সাধু, প্রিয়াঙ্কা বশীর। তবলায় ছিলেন অভিজিত্ সিনহা মিঠু।