পুরস্কার বিতরণ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইল নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মধ্যে বার্ষিক মেধা পুরস্কার বিতরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী এবং নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বেলা ১১ টায় তিনি কুমুদিনী কমপ্লেক্সে এলে কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী, নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজের ছাত্রী এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। কুমুুদিনী হাসপাতালের লাইব্রেরী মিলনায়তনের বিভিন্ন কারুকাজ ঘুরে দেখেন। এরপর তিনি হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ এবং কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করেন। দুপুরে ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। ডিসপ্লে পরিদর্শনের পর হোমসের পিপিএম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের হাতে বার্ষিক মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী ট্রাস্টের নির্বাহী ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহাসহ আরও অনেকে।