মঞ্চস্থ হলো ‘কোর্ট মার্শাল’

মো. আমিরুজ্জামান, সৈয়দপুর সংবাদদাতা নীলফামারী নীলফামারী জেলার সৈয়দপুরে সন্ধানী নাট্য গোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হয়েছে। রেলওয়ের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চায়িত হয় ‘কোর্ট মার্শাল’ নাটকটি। নাটকটি মঞ্চায়নের আগে সন্ধানী নাট্যগোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক। বিশেষ অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও নাট্য ব্যক্তিত্ব পারভীন রেজানুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী নাট্য গোষ্ঠীর সহ-সভাপতি মনোয়ার হোসেন বাচ্চু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ জাওয়াদুল হক সরকার, শ্রমিক নেতা মোখছেদুল মোমিন ও সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু। পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫তম প্রযোজনা ও ১৬তম প্রদর্শনী নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ করা হয়। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কোর্ট মার্শাল’ রচনা করেন স্বদেশ দীপক। আর এর অনুবাদক হচ্ছেন সলিল সরকার। দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মরহুম এস. এম সোলায়মান কোর্ট মার্শাল নাটকটি রূপান্তর করেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—হোসেন আলী, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মধু, জহিরুল ইসলাম জহির, বিকাশ চন্দন হাওলাদার, রুহুল আমিন মেরাজ, শাদ আহমেদ, সন্দ্বীপ কুমার বিশ্বাস, তহমিনা তুলিসহ অনেকে।